চলতি ঘটনা | 11.03.2010
মার্কিন চালকবিহীন বিমান হামলায় পাকিস্তানে অন্তত ১২ জঙ্গি নিহত
উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে মিজার মাডাখেল নামক স্থানে রাত আটটার দিকে প্রথম হামলাটি চালায় মার্কিন বাহিনী৷ এতে আটজন নিহত হয়৷ জঙ্গিরা বাস করে এমন একটি জায়গায় একটি গাড়িতে হামলাটি চালানো হয়৷
এর কিছুক্ষণ পরই দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে৷ এবার হামলা চালানো হয় দুটি গাড়ির উপর, যেগুলোতে করে জঙ্গিরা প্রথম হামলার নিহতদের মৃতদেহ সরানোর কাজ করছিল৷ এই হামলায় নিহত হয় চারজন৷
তবে ঐ দুই হামলায় শীর্ষ পর্যায়ের কোনো জঙ্গি নিহত হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা৷ এর আগে গত ফেব্রুয়ারিতে মিরানশাহতেই মার্কিন এক হামলায় আল কায়েদার শীর্ষ এক নেতা নিহত হয়েছিলেন৷
এদিকে, দেশটির উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের মানসেরা জেলায় অবস্থিত যুক্তরাষ্ট্রভিত্তিক একটি দাতব্য প্রতিষ্ঠানে জঙ্গিরা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে৷ ঐ ঘটনায় দুইজন মহিলাসহ ছয়জন পাকিস্তানি নাগরিক নিহত হয়৷ এছাড়া আরও সাতজন আহত হয়৷
Bildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift: জারদারি তালেবান দমনে মহাপরিকল্পনার আহ্বান জানিয়েছেন
‘ওয়ার্ল্ড ভিশন' নামের দাতব্য প্রতিষ্ঠানটি হামলাটিকে নৃশংস বলে এর তীব্র নিন্দা জানিয়েছে৷ এছাড়া হামলার পরপরই প্রতিষ্ঠানটি পাকিস্তানে তার সব কার্যক্রম বন্ধ করে দেয়৷ ওয়ার্ল্ড ভিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রায় ১৫ জনের একটি জঙ্গিদল কার্যালয়ে ঢুকে কর্মীদের এক রুমে জড়ো করে তাদের উপর গুলি চালায়৷ চলে যাওয়ার সময় জঙ্গিরা গ্রেনেড বিস্ফোরণ ঘটায়৷
২০০৫ সালের অক্টোবর থেকে এই দাতব্য প্রতিষ্ঠানটি মানসেরা এলাকায় কাজ করে আসছে৷ এই অঞ্চলে আরও অনেক সংস্থা কাজ করলেও সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলার ভয়ে অধিকাংশ প্রতিষ্ঠান কার্যক্রম গুটিয়ে চলে যায়৷ এর আগে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ এক দাতব্য প্রতিষ্ঠানে একই ধরণের হামলায় চারজন সাহায্যকর্মী মারা গিয়েছিল৷
এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি পাকিস্তান ও আফগানিস্তান থেকে তালেবান জঙ্গিদের সমূলে উত্খাত করতে একটি মহাপরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন৷ বুধবার ইসলামাবাদে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে আলোচনার সময় তিনি এই আহ্বান জানান৷
পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, দেশদুটির সমস্যা একই-তালেবান৷ সুতরাং আমাদের উচিত যৌথভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানানো যেন তারা তালেবান দমনে একটি মহাপরিকল্পনা দিয়ে আমাদের সাহায্য করতে পারে৷ এ ব্যাপারে তিনি ১৯৪৭ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপের পুনর্গঠন কাজে যুক্তরাষ্ট্রের মহাপরিকল্পনার কথা বলেন৷
উল্লেখ্য, সন্ত্রাসবাদ ও এর সমাধান নিয়ে আলোচনার জন্য কারজাই বুধবার পাকিস্তানে সফরে যান৷
প্রতিবেদক : জাহিদুল হক
সম্পাদনা : হোসাইন আব্দুল হাই












